আমি ফুল ভালোবাসি না!
মেয়েটি নিরুত্তাপ গলায় উত্তর দিল।
এমন মানুষও আছে তাহলে
যে কিনা ফুলের মতো নিষ্পাপ সরলতাকেও
অস্বীকার করে!
ভালোবাসলে আগলে রাখবে আদরে
নইলে কি ছুঁড়ে ফেলতে হবে
রৌদ্দুরের তীক্ষ্ণ আঙিনায়।
ফুলকে ভালোবেসে কোন পাপ করিনি,
দৃঢ় আলিঙ্গনে বাঁধায় কোন অবিচার নেই।
মর্মভেদী চোখের স্পর্শ নিয়ে
নেই কোন স্ববিরোধ মতবাদ।
ভালোবেসে তোমাকে বাঁধলাম
ফুলেল অভিলাষে।
অত্যাচার হয়েছিল বুঝি ফুলের কাঁটায়,
ক্ষতবিক্ষত হৃদয় ভিজেছিল বুঝি
নীললোহিতের বৃষ্টিকণায়।
তোমাকে প্রথম দেখার মতো,
প্রথম দুরু দুরু বুকে
গোলাপের স্পর্শ মেখে
নাইতে নেমে স্বপ্নডুবে,
হঠাৎ শিহরিত, আলোড়িত ঢেউ
আমূল ডুবালো আমায় পদ্মপাতার জলে।
কবেকার কোন সুরে গেয়েছিলাম
'মোর প্রিয়া হবে এসো রাণী,
দেবো খোঁপায় তারার ফুল'
সবই বিস্মৃতির অতলে
সবই গহীন বনের নিখোঁজ সংবাদ।
জোছনার নীল রঙে বিভেদ ভুলে
গানের সুরে বাঁধি দুটি প্রাণ।
মেয়ে, তুমি হতে চাইলে নিরুত্তাপ বাঁশি
ভুবনমোহী রূপের আদলে।
ফেলে আসা শেষ বিকেলের আভার মতো,
একটি প্রশ্নবিদ্ধ করুণ ফুলের আর্তনাদে
হত্যার রঙে রঙিন দুহাতে মাখলে অমরতা
শুদ্ধাচারীতার আভরণে।।