![1521347842.jpg](
শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-২০ সিরিজ। যেখানে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও খেলছে বাংলাদেশ ও ভারত। গ্রুপ পর্বের খেলা শেষে এখন ফাইনালের অপেক্ষা। শ্রীলঙ্কাকে দর্শক বানিয়ে ফাইনালে বাংলাদেশ ও ভারত। নিদাহাস ট্রফি’র স্বপ্নের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
স্নায়ুর চাপ কাটিয়ে মাঠে সেরাটা খেলাই বাংলাদেশের লক্ষ্য বলে জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। পারফরম্যান্সের ধারাবাহিকতাও ধরে রাখতে চায় টিম বাংলাদেশ। অন্যদিকে, শিরোপা জয় করাই ভারতের লক্ষ্য বলে জানিয়েছেন দীনেশ কার্তিক। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে চড়ে, স্বাগতিক শ্রীলঙ্কাকে দর্শক বানিয়ে নিদাহাস ট্রফি’র ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। দেশের বাইরে কোন ত্রিদেশীয় প্রতিযোগিতায় এই প্রথম ফাইনালে খেলছে টাইগাররা। টি-২০ তে বাংলাদেশ এখনো ভালো দল হয়ে ওঠেনি, এই বদনামও ঘোঁচানো শুরু হয়েছে। লঙ্কানদের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টানা দুই জয়ই প্রমাণ করে লাল সবুজের পতাকার দলটি ধীরে ধীরে বড় হচ্ছে এই ফরম্যাটের ক্রিকেটের জন্য।
দেশের মাটিতে বাংলাদেশ কখনোই কোন ফাইনালে শিরোপা জিততে পারেনি। নক আউট পর্বের ম্যাচে বাংলাদেশ দল স্নায়ুর চাপে ভুগতে থাকে। তাই এবারের ফাইনালে নির্ভার হয়ে খেলাই লক্ষ্য সাকিব, তামিমদের।