সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ইহুদি বর্ষের পবিত্র দিন ইয়োম কিপুরের বার্তা হিসেবে বলেন, ‘এ বছর যাদের কষ্ট দিয়েছি, তাদের কাছে ক্ষমা চাই এবং আরও ভালো করার অঙ্গীকার করছি’। তিনি তার কাজের ধরনের জন্যও ক্ষমা চেয়েছেন যেগুলো মানুষ একত্রিত করার বদলে আলাদা করে দিয়েছে।
সম্প্রতি ফেসবুকের বিজ্ঞাপন প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে ‘বিদ্বেষ সৃষ্টিকারী’ গ্রুপ তাদের লক্ষ্য পূরণ করছে এমন সমালোচনা ছড়িয়ে পড়ে। এছাড়াও ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফেসবুকে রাশিয়ান কোম্পানির বিজ্ঞাপন প্রদর্শন নিয়েও সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি।
১৩ বছর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডর্ম রুমে তৈরি করা জাকারবার্গের এই সোশ্যাল নেটওয়ার্কে বর্তমান সদস্য সংখ্যা ২০০ কোটি। এবং বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালি যোগাযোগ চ্যানেল এই ফেসবুক। তবে ভুয়া খবর ছড়ানো বন্ধ করা নিয়ে প্রতিষ্ঠানটি বর্তমানে কঠিন পরীক্ষার মুখে রয়েছে।
ইহুদিরা ইয়োম কিপুরের দিনে পাপমোচনের জন্য এবং ভাগ্যের সুরক্ষায় ঈশ্বরের কাছে ক্ষমা চান।