রিদয় পড়াশোনায় কখনোই নিজেকে উপরের সারির মনে করতো না। এর পেছনে অবশ্য গণিত বিষয়টার হাত আছে। ৭ম শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষায় গণিতে গুনে গুনে ৩২ নম্বর কম পেয়েছিল রিদয়। সেই থেকে রুটিন মাফিক সকালে আর বিকালে রিদয়ের মা বাসন ধোয়ার পাশাপাশি রিদয়কে জন্ম দিয়ে কি এমন ভুল সে করেছিল, ৯৮ পাওয়া আলি আর ৯৬.৫ পাওয়া জিসানের মা কি এমন খাওয়ার যা রিদয়ের মা খাওয়ায় না এরুপ নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চুল চেরা বিশ্লেষন এবং আহাজারি করেন।
কিন্তু সেদিন রাতে রিদয়ের কান দিয়ে কিছুই ঢুকছিল না। সে কোনো একটা বিষয় নিয়ে প্রচন্ড চিন্তিত।
তার এই চিন্তার কারন আগামীকাল ইংরেজী স্যার "দ্যা জার্নি বাই বোট" রচনা মুখস্ত পড়া ধরবেন। সে ভাবছিল চৌধুরী ও হোসেন সাহেব এর বাড়া ভাতে কি কেউ কোনো দিন ছাই দিয়েছিল কিনা যে তারা এত বড় একটা ইংরেজী রচনা লিখেছেন? আর লিখেছেনই বা যখন তখন এত গুলো কঠিন কঠিন শব্দ কেন লিখেছেন। এভাবেই প্রচন্ড মানসিক চাপ নিয়ে ঘুমাতে গেল রিদয়।
রিদয় সে রাতে একটা মস্ত বড় স্বপ্ন দেখলো। সে দেখলো সে স্কুলে যাচ্ছে কিন্তু প্রতিদিনকার মতন রিকশায় চড়ে না। গাড় লাল পানির একটা নদী। সে নদীতে একটা ছোট নৌকার ওপর কোনো রকম যুবুথুবু হয়ে বসে আছে সে। মাঝি তার নিজ গতিতে নৌকা বাইছে। সে রিদয়ের দিকে একবার চেয়েও দেখছে না। নৌকা থেকে নেমে স্কুলের গেইটে ঢুকতেই তার চোখে পড়লো এক আস্ত বড় কড়াইয়ে তেল ঢালছে ইংরেজী স্যার। রিদয়ের ক্লাসের সবাই লাইনে দাড়িয়েছে। তেল ঢালা শেষে স্যার তার চেয়ারে বসলেন। স্যারের ডান হাতে খুনতি আর বাম হাতে চৌধুরী আর হোসেন সাহেবের সবুজ রঙের বই।
হাসরের ময়দান তৈরি। শুরু হলো সেদিনের পড়া ধরা। রুমিকে স্যার ২য় প্যারার ২য় লাইন থেকে পড়া বলতে বললেন। রুমিটা এত ভীতু। সে ভয়ে ১ম প্যারার ২য় লাইন শুরু করলো। যেই রুমি বললো "Whenever i go on a journey...", তখনই স্যার খপ করে ধরে তাকে কড়াইয়ে ফেলে দিল। এভাবে একে একে রিদয়েরর পালা আসতেই রান্না ঘর থেকে কড়াই আছাড় দেওয়ার শব্দ কানে আসলো। রিদয় বুঝতে পারলো সে এতক্ষন স্বপ্ন দেখছিল। ঘড়িতে বাজছে সাতটা দুই। বিছানা গোছাতে গিয়ে রিদয় বুঝতে পারলো আরেক সর্বনাশ ঘটেছে।
জলদি তৈরী হয়ে নিল সে। মনে মনে বারবার শুধু মনে করার চেষ্টা করছিল "Oarsmen" "Oarsmen" "Oarsmen"। রাস্তায় নামতেই বুঝে গেল আজ আর রিকশা পাওয়া যাবে না। হাটতে লাগলো সে। বারবার পিছনে ফিরে দেখে নিচ্ছে কোনো কিছু আবার সাদা প্যান্টে লেগে গেল কিনা।
শুনেছি সেদিন রিদয়কে ২য় প্যারার ৩য় লাইন থেকে পড়া ধরেছিল। "The boatman and the ........." বলার পরই রিদয়ের আর কিছু মনে পড়ছিল না। পেটে অসহ্য যন্ত্রনা হচ্ছিল রিদয়ের। হাতে দুইটা বেতের বাড়ি খেয়ে চুপচাপ চোখের পানি মুছে পড়া মুখস্ত করতে করতেই সেদিন ঘন্টা বেজে গিয়েছিল।