কিছু কিছু সময় মানুষের জীবনে অনেকটা গুরত্বপূর্ণ হয়ে থাকে এবং অনেক সময় সেগুলোর স্মৃতি দেখলেও মানুষের মন হালকা হয়ে যায়, এইরকম একটি সময় ছিল গত ঈদে। পরিবারের সব আত্নীয় স্বজনের সঙ্গে দেখা হওয়ার একমাত্র মোক্ষম সময় হচ্ছে কোন উৎসব। উৎসব যেন গোটা পরিবারের একটা মিলনমেলা।
আজ সন্ধ্যায় যখন হঠাৎ করে ছবিগুলো আমার চোখে পড়ল, তখন আমার ভিতর থেকে এমনিতেই মনটা হালকা হয়ে গেল । কিছু কিছু সুখকর অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, এগুলো বুঝে নিতে হয়।
আমার বাবা, আসলে তার ভাইদের মধ্যে সবার ছোট হওয়ার কারণে আমি আমার ভাই-বোনদের মধ্যে সবার ছোট। যেহেতু গ্রামে বড় হয়েছি তাই সব চাচার বাড়ি পাশাপাশি এবং আমার চাচারা ও আমার ভাইয়েরা এখনো সবাই একসঙ্গে থাকে, শুধু পরিবর্তন হয়েছে আমাদের বোনদের মাঝে। সবার বিভিন্ন জায়গায় বিয়ে হয়ে গিয়েছে, এজন্য সবার সঙ্গে সবার দেখা হয়না।
পরিবারে ভাই ও বোনের ছেলে মেয়েরা সবাই আমাকে ছোট আন্টি বলে ডাকে, কারণ আমি সবার কাছে ছোট আন্টি হিসেবেই পরিচিত। সত্যি বলতে কি সবার কাছে আমি অনেক আদরের, তাই সবার প্রতি আমার এক আলাদা দায়িত্ব আছে।
হুট করে পৃথিবীতে একটা অন্ধকার নেমে আসলো, যার কারণে এখন আর উৎসব হইলেও কারো সঙ্গে কারো দেখা হচ্ছে না।ছবিগুলো এখন শুধুমাত্রই স্মৃতি, ফিরে পেতে চাই আর একটিবার ঐ সুখকর সময়।
ইতিমধ্যে একটা উৎসব পার হয়ে গিয়েছে, তখনও কারো সঙ্গে কারো দেখা হয়নি আবার একটা উৎসব সামনে আসছে এটাতেও সবার সঙ্গে সবার দেখা হবে কিনা মনে ভীষণ সন্দিহান জাগছে। অন্ধকার সরে যাক,আলো ফিরে আসুক এবং সবার ছোট আন্টি সবার সঙ্গে দেখা করবে এই প্রত্যাশাই রইল।