১.
অপরিণত বয়সের কন্ঠস্বরের মত তীক্ষ্ণ, স্নেহময় মুখাবয়বের মত মায়া কৌটোয় গচ্ছিত ছিল যে স্মৃতি, প্রখর রোদ্রদিনের শেষে মুখরিত বর্ষণসন্ধ্যায় প্রবাহিত সোঁদা গন্ধের মত পুনরুত্থিত হয়, সে স্মৃতি৷
বহুদিনের বিস্মৃত পরিচিত মুখের সাথে অকস্মাৎ সাক্ষাতে যেমন অপ্রস্তুত হই, সীমাহীন পারস্পরিক বৈসাদৃশ্যে অভ্যস্থ হবার ক্ষণিক তাড়নার মত, সে স্মৃতি৷
(স্ক্রিনশটটি Drive My Car সিনেমা থেকে নেয়া৷)
২.
মানুষের পায়ে হাঁটা মেঠো পথগুলি কখনো সরলরৈখিক নয়, আঁকাবাঁকা৷ ভূমির সাপেক্ষে মানুষেরা মূলত লম্ব, খাড়া হয়ে হেটে যায় অথঁচ দূরত্ব যত বাড়ে পথগুলি ততই বেঁকে যেতে থাকে৷
বাধার দিকে নয় মূলত ভ্রমণের সুবিধার্থে মানুষেরা যে সরলপথ তৈরী করে দৃশ্যত সে পথগুলো কখনোই সরল বলে বিবেচিত হয় না৷
পথ নির্মাণের হাতেখড়ি জলের কাছে নিতে পারি৷ যে পথ সহজে অতিক্রান্ত বলে ভ্রম হতে পারে মানুষের, জল সে পথ অনেকখানি ঘুরে বক্রভাবে পাড়ি দেয়৷ এইভাবে পৃথিবীর প্রায় সকল জলধারা সর্পিল আকৃতি লাভ করে- যা মানুষের দৃষ্টিগোচর নয় মুলত চিল ও বিবিধ পক্ষীকূল অবগত৷
(এখনো মাঝে মাঝে যা লিখি সেগুলো আদৌ কতোটা কবিতা হয় তা নিয়ে সংশয় থেকেই যায়)