প্রেম
প্রেম কতটা পেলাম , সেটাই একমাত্র বিবেচ্য নয়। বিবেচ্য বিষয় হলো, আমি কতটা ভালোবাসলাম। বলা হয়, প্রেম আসে স্বর্গ থেকে। এই স্বর্গীয় বিষয়কে হেলাফেলা করা ঠিক নয়। বরং এর পবিত্রতাকে কীভাবে রক্ষা করা যায়, সে দিকে নজর দেওয়াই হবে বিবেচকের কাজ।
প্রেমিক-প্রেমিকা হোক আর স্বামী-স্ত্রীই হোক , সব যুগলের প্রেমের মূলমন্ত্র হচ্ছে পরস্পরের প্রতি বিশ্বাস। যত জটিলতাই তৈরি হোক না কেন, ঝড়ঝাপটা যাই আসুক , কেউ যেন বিশ্বাসচ্যুত না হয়। এই বিশ্বাস বিয়ের আগে বা পরে বলে কোনো কথা নেই। এই বিশ্বাস হবে সব সময়ের জন্য। বন্ধন হতে হবে ইস্পাতদৃঢ়। সব রকমের সম্পর্কের মধ্যে থাকবে বন্ধুসুলভ সমঝোতা।
সম্পর্ক ঠিক রাখতে , একে অন্যের শক্তিগুলোকে মূল্যায়ন করুন। সঙ্গীকে যথাসাধ্য বুঝুন। তার দুর্বল দিকগুলো সহানুভূতির সঙ্গে দেখুন। সেগুলো যেন তার বোঝা না হয়। সে সব শুধরে নিতে তাকে শক্তি-সাহস নৈতিক বল জোগান দিন। যেখানে যেমন যতটা সম্ভব আপনার ভালোবাসা প্রকাশ করুন। ভালোবাসার আকুতি শুধু যে শুনবেন তা নয় , আকুতি জানাবেনও। সততা ও বিশ্বাস হচ্ছে ভালোবাসার পরম সম্পদ। এটাই প্রেমের ভিত্তিপ্রস্তর। তাই সম্পর্কের মধ্যে সততা ও বিশ্বাস রাখুন। বিশ্বাসে চিড় যেন কিছুতেই না ধরে সেদিকে লক্ষ রাখতে হবে।
পরস্পরকে যথাযথ সম্মান দিতে হবে। দোষত্রুটি শোধরানোর চেষ্টা করতে হবে। দোষত্রুটি ধরিয়ে না দিয়ে শুধুই খোঁটা দেওয়াটা কাম্য নয়। সঙ্গীর ত্রুটি সংশোধনের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ইতিবাচক হতে হবে। নিজের ত্রুটিগুলো সংশোধনে সদিচ্ছা থাকতে হবে। পারস্পরিক লাভক্ষতি মেনে নিয়ে নতুন সম্পর্কের প্রেমময় রূপ দিতে হবে। টিভি সিরিয়ালে শুধু কূটচালই দেখায় না। সংসারকে সুন্দর করে কীভাবে গ্রোথিত করা যায় তাও দেখানো হয়। স্বামী-স্ত্রীর এই ইউনিটকে একান্তভাবে নিজেদের করেই ভাবতে হবে। পিছুটান থাকবেই, কিন্তু এই ইউনিটের ইউনিটির দিকে নজর দেওয়া হবে বুদ্ধিমানের কাজ।
সন্দেহ হলো মনের বিষ। কানকথায় কান দেওয়া চলবে না। সেই দম্পতিই আদর্শ, যারা একে অপরের সীমাবদ্ধতা, ত্রুটিকে নিজেদের মধ্যে রাখে এবং শোধরাতে তৎপর।
সংসারে ভালোবাসার আগে বিশ্বাস তা অনেক জরুরি। ভালো থাকতে হলে নিজের আপন মানুষকে সবসময় বিশ্বাস করতে হবে ও বিশ্বাসের সাথে তাকে ভালোবাসতে হবে। একজন খারাপ মেয়ে অথবা ছেলে সেই বিশ্বাসের পাওয়ারে ভালো হয়ে যেতে পারে। আবার ঠিক তার উল্টাটা হলে , যেন একজন ভালো ছেলে অথবা একজন ভালো মেয়ে কে যদি আপনি খারাপ অপবাদ দেন ও সন্দেহ করেন ,তাহলে সেই মানুষটার মন ভেঙ্গে যাই ও ভালো থাকলেও সে খারাপ দিকে চলে যাই।
ভালো থাকুক সকল ভালোবাসার সম্পর্ক।