গল্পটা ব্রাজিলের। এপিরিতো সান্টো নামের ছোট একটি শহর। রাস্তার পাশে হুন্ডাই কার এর ছোট একটা শো রুমের পাশ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছে। কেউ কারো দিকে নজর দেয়ারও সময় নেই। কর্মব্যস্ত একটি নগরীর চিত্র যেমন হওয়া উচিত, এখানের চিত্রটা ঠিক তেমনই।
রাস্তায় হাজার হাজার মানুষের পাশাপাশি একটা কুকুরকেও প্রতিদিন সেখানে দেখা যেতো। হুন্ডাই শোরুমের মেইন দরজার পাশেই চুপচাপ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতো সে। আদর করে কেউ কেউ হয়তো পাউরুটি ছুড়ে দিত কখনো। সেই পাউরুটির লোভে পড়েই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শোরুমের পাশে বসে থাকতো সে।
ধীরে ধীরে শোরুমের কর্মচারীদের সাথে খুব ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যায় কুকুরটির। আদর করে সবাই তার নাম দিলো টাসকন প্রাইম। এভাবে প্রতিদিনের রুটিনের পর একদিন সবাই মিলে অদ্ভুত এক কাজ করে ফেলল। ঘোষণা দিয়ে দত্তক নিলো কুকুরটিকে। শুধু তাই নয়, শোরুমের একজন সেলস কর্মী হিসেবেও নিয়োগ দেয়া হলো তাকে।
এতদিন কোম্পানির কর্মচারীদের দেয়া খাবার খেয়ে বেঁচে থাকলেও এখন টাসকন প্রাইম নিজেই জবহোল্ডার। এখন আর কারো দয়ার উপর বাঁচতে হচ্ছে না তার। বরং প্রতিদিন সকাল সন্ধ্যা নিয়ম মেনে ডিউটি করে মাস শেষে খুব ভালো একটা স্যালারিও অর্জন করে সে।
কোম্পানি থেকে আইডিকার্ডও দেয়া হয় তাকে। ড্রাইভিং লাইসেন্স এর জন্যেও আবেদন করা হয়েছে তার জন্য। আমরা জানি না, তাকে আদৌ ড্রাইভিং লাইসেন্স দেয়া হবে কিনা। তবে যায় হোক, একটি কুকুর হিসেবে সে ইতিমধ্যেই খুব ভাল একটা অবস্থান তৈরি করে নিয়েছে সে।
টাসকন প্রাইমের মতো একটি স্মার্ট কুকুরকে দেখার জন্য প্রায়ই শোরুমে মানুষের ভীড় লেগে থাকে। সবাই খুব আগ্রহের সাথে তার চাল চলন দেখতে থাকে। আগে তো স্মার্ট ছিলই, তবে চাকরি পাওয়ার পর মনে হলো যেন তার স্মার্টনেস আগের চেয়েও বেড়ে গেছে অনেক।
পৃথিবীর ইতিহাস সৎ প্রাচীন, মানব জাতির ইতিহাস এতটা প্রাচীন না। মানুষের আগেও পৃথিবীতে অনেক জীবন ছিল। যাদের কিছু অনেক আগেই বিলুপ্ত হয়েছে, আবার কিছু প্রকৃতির সাথে সার্ভাইব করে এখনোও টিকে আছে।
প্রাচীন মানবসভ্যতার ইতিহাস অনুসারে আমাদের পূর্বপুরুষেরা একসময় জঙ্গলে বসবাস করতো। শিকার করে জীবিকা নির্বাহ করতো অন্যান্য জীব জন্তুর মতোই। অস্ত্রের ব্যাবহার শিখে, কৃষিকাজ শিখে। একসময় জঙ্গল থেকে বেড়িয়ে এসে তৈরি করল সমাজ, গ্রাম, শহর, দেশ...
কিন্তু জঙ্গল থেকে বেড়িয়ে আসলেও একসময় বনের পশুপাখিদের সাথে মানুষের যে সম্পর্ক ছিল, তার টান তো কিছুটা হলেও মানুষের মাঝে আছে এখনো। পশু পাখি দেখলে আমাদের মায়া হয় না? আদর করতে ইচ্ছে করে না? এখনোও করে।
ব্রাজিলের সেই ছোট্ট শহরের ঘটনাটি আমাকে খুব মুগ্ধ করেছে। টাসকন প্রাইমের প্রতি আমার আগ্রহও তৈরি হয়েছে অনেক। কুকুর এমনিতেও প্রভু ভক্ত প্রানী। কথিত আছে, কোনো কুকুরকে যদি একবার আপনি খাবার খাওয়ান, তাহলে সে সারাজীবন সেটা মনে রাখবে। অকৃতজ্ঞতাবোধ কুকুরের মাঝে নেই। শুধু কুকুর কেন, কোনো প্রানীর মাঝেই সেটা নেই। শুধুমাত্র মানুষ ছাড়া।
আমাদের আশেপাশের অনেক মানুষ পশুপাখিকে কষ্ট দিয়ে আনন্দ পায়। কেউ কেউ তো কুকুরের গায়ে গরম পানিও ছুড়ে মারে। জ্বলন্ত গরম পানি গায়ে কাঁতরাতে থাকা কুকুর দেখে আমার খুব কষ্ট হয়েছিল একবার। কিন্তু আমার তো কিছুই করার ছিল না...
মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের আচরন আরেকটু মানবিক হওয়া উচিত। উপমহাদেশে বহুল প্রচলিত একটা প্রবাদ আছে, "জীবে দয়া করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর।" তবে আমরা যেন দয়া না করতে পারলেও অন্তত কষ্ট না দিই।
ALL PICTURES COLLECTED FROM RANDOM WEBSITES.