আরশিনগর
ঘরের পাশে আরশিনগর। বসত করে কে?
মারবে ব’লে তোমায়, কারা ধর্ম জ্বেলেছে।
কিন্তু তারা বিধর্মী সব, ঘুণের মতো ক্ষয়...
দাঙ্গা যাদের ধর্ম তারা আমার পক্ষ নয়।
হিংসা ছড়ায় উত্তেজনা। দ্বন্দ্ব অসন্তোষ।
বারুদ জড়ো করছি যখন, আগুনে কোন দোষ?
কাদের পাড়ায় পুড়ছে বাড়ি? কাদের পাড়ায় ভয়?
দাঙ্গা যাদের ধর্ম তারা আমার বন্ধু নয়।
অনেক আগেই পেরিয়ে গেছে পথে নামার দিন –
মুখোশ যাদের সত্তা এবং দু’মুখো আস্তিন...
এই মাটিতে তাদের যেন না-জোটে আশ্রয় -
দাঙ্গা যাদের ধর্ম তারা আমার সঙ্গী নয়।
উটকো কিছু মিথ্যে মানুষ, ঘরভাঙানো লোক
ভালবাসার সামনে তাদের শাস্তি দেওয়া হোক।
এই ভাষাতে হাসন রাজা, লালন কথা কয়...
দাঙ্গা যাদের ধর্ম তারা আমার পড়শি নয়। (শ্রীজাত )