সিরাজগঞ্জের তাড়াশে খাদিজা খাতুন (১৯) নামের এক তরুণী রাতারাতি পুরুষে রূপান্তরিত হয়েছেন।
খাদিজা উপজেলার সদর ইউনিয়নের তাড়াশ গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা। ৬ এপ্রিল, শুক্রবার সকালে এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে যায় খাদিজার বাড়িতে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রিয়.কমকে বলেন, ‘ঘটনাটি সত্য। প্রথমে ভেবেছিলাম উড়ো খবর। পরে লোক পাঠিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।’
তরুণীর বাবা হাসমত আলী জানান, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ছে খাদিজা। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহপাঠী প্রথমে সেতুর পুরুষে রূপান্তর হওয়ার বিষয়টি তাকে জানায়। কয়েকদিন পর খাদিজা নিজেই বাবা-মাকে বিষয়টি জানায়।
সেতুর মা নাজমা খানম জানান, তিনি অনাবৃত করে দেখেছেন। তার শারীরিক পরিবর্তন ঘটেছে। নারী থেকে পুরুষ হওয়ার পাশাপাশি তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন এসেছে। খাদিজা খাতুন সেতুর নাম এখন থেকে সাহুল সিদ্দিকী রাখা হয়েছে।
খাদিজা খাতুন ওরফে সাহুল সিদ্দিকী জানান, গত ৩০ মার্চ রাতে ঘুম থেকে জেগে হঠাৎ তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন। পরে বাবা-মা ও নিকট আত্মীয়দের সঙ্গে আলাপ-আলোচনা করেন। পরবর্তী সময়ে ডাক্তারের মাধ্যমে নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।