চলতি বছরের শুরুতে জয়া আহসান প্রিয়.কমকে জানান, ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় সত্তরের দশকের আদলে নয়, নতুন করে নির্মাণ করবেন ‘চৌরঙ্গী’ ছবিটি। এতে করবী চরিত্রে অভিনয় করবেন তিনি। জুন মাসেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। তার আগেই জানা গেল, ছবিটিতে জয়া অভিনয় করছেন না।
২৪ জুন, রবিবার রাতে জয়া জানান, ছবিটিতে ‘খোলামেলা’ দৃশ্য বেশি থাকায়, তিনি ছবিটিতে অভিনয় না করার সিদ্বান্ত নিয়েছেন। এ বিষয়ে জয়ার ভাষ্য, ‘আমি ছবিটিতে কেন অভিনয় করব না, সে বিষয়টি সৃজিত বুঝেছে। আর আলোচনার মাধ্যমেই সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে।
তাই এ নিয়ে কনফিউশনের কিছু নেই। চিত্রনাট্যটি পড়ার পর বুঝেছি, ছবিটিতে অনেক বেশি খোলামেলা দৃশ্য রয়েছে। আর এ বিষয়ে আমার কিছু মানসিক ব্লক রয়েছে।’
মণিশংকর মুখোপাধ্যায়ের ‘চৌরঙ্গী’ উপন্যাস প্রকাশিত হয় ১৯৫৫ সালে। এই উপন্যাসের প্রেক্ষাপট গত শতকের পঞ্চাশ দশকের কলকাতার চৌরঙ্গী অঞ্চল। কলকাতার সমাজের দারিদ্র্য এই উপন্যাসে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। কাহিনির কেন্দ্রে রয়েছে প্রেম। এই প্রেম হোটেলের অতিথি ও কর্মচারীদের মধ্যে দেখানো হয়েছে এবং এর বিয়োগান্তক পরিণতি রয়েছে। ষাটের দশকের শেষ ভাগে জনপ্রিয় এই উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ হয়। ওই সিনেমায় অভিনয় করেছিলেন উত্তম কুমার। ছবিটি তখন সুপারহিট হয়েছিল।