রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের
সাধনা,
মম শূন্যগগনবিহারী।
আমি আপন মনের
মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা--
তুমি আমারি, তুমি আমারি,
মম অসীমগগনবিহারী॥
মম হৃদয়রক্তরাগে তব চরণ
দিয়েছি রাঙিয়া,
অয়ি সন্ধ্যাস্বপনবিহারী।
তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম
সুখদুখ ভাঙিয়া--
তুমি আমারি, তুমি আমারি,
মম বিজনজীবনবিহারী॥
মম মোহের স্বপন-অঞ্জন তব
নয়নে দিয়েছি পরায়ে,
অয়ি মুগ্ধনয়নবিহারী
মম সঙ্গীত তব
অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে--
তুমি আমারি, তুমি আমারি,
মম জীবনমরণবিহারী॥