আমি বরং সরীসৃপ হব
বুকে ভর দিয়ে অথবা গড়িয়ে গড়িয়ে চলব আপনাদের পায়ের নিচে
ইঞ্জিন - চেসিস স্বরুপ মেরুদণ্ড আর হাড়-গোর গুলো ভাড়ায় খাটাব পাঠাও কিংবা উবারে!
ওগুলো আমার লাগেনা, লাগতে নেই
অযথা আপনাদের গোস্যার কারণ হব এমন হিম্মত আমার কই?
আমি বরং ভাঁড় হই
প্রাচুর্যের সভায় বাগিয়ে নিই গুরুত্বপুর্ণ পদ
জ্বি হুজুর - হ্যা হুজুর প্রসংসায় মুখরিত রাখব সভাসদ
তেতো কথাগুলো সল্প মুল্যে বিকোব খাস হেকিমের কাছে,
তৈরি হবে অব্যর্থ কুইনাইন!
ওগুলো বুকে জমা রাখতে নেই
বেফাঁস বেড়িয়ে গেলে সামাল দেবার ক্ষ্যামতা আমার কই?
আমি না হয় তোতা পাখি হই
সোনার সিকল পায়ে সুখে থাকি রুপার পিঞ্জিরায়
শিখিয়ে দেয়া বুলি আওরাই দিনরাত
মনিবের চিত্ত রঞ্জন করে নিশ্চিত করে নিই বর্তমান ও ভবিষ্যৎ!
নিজ হৃদয়ের কথা বলতে নেই
ঐসব বলে সোনার সিকল, রুপার পিঞ্জিরা হারানোর বুকের পাটা আমার কই?