সকাল ৫ টা, রাতে ঘুম আসেনি।
প্রচন্ড মাথা ব্যাথায় ঘুমানোর কোনো উপায় নেই, ঔষধ খেয়েও তেমন একটা কমেনি। তবে একটা বিষয়, কফিতে আবার দিব্যি এসব মাথা ব্যাথা চলে যায় আমার। যেই ভাবনা সেই কাজ, রাতের তখন ১২ টা, পুরো এক গ্লাস কফি বানিয়ে নিলাম, তারপর কিছইটা স্বস্তি, ব্যাথা কমেছিল কিন্তু ঘুম আর আসেনি, বিছানায় শুধু ছটফট করতেছিলাম।
তো গতকাল একটা বিষয় খেয়াল করলাম। আমার রুমে দু-দিকে জানালা আছে যা দিয়ে বেশ ভালো বাতাস আসে। আম্মুকে আমার রুমে এসে একটা জানালার পাশে বসে সেই ভোর সকালে কুরআন শরিফ পড়তে দেখলাম, হয়তো প্রতিদিন আসে। আমি প্রথমে খেয়াল করিনি কিন্তু তিনি ঠিকি আমায় খেয়াল করেছেন, আমি ঘুমায়নি এদিক-সেদিক ছটফট করছি। বিছানায় এসে পাশে বসে মাথায় হাত দিলেন। আমার কাছে আম্মুর এই বিষয়টা স্বর্গ সুখ। এইযে মাথায় হাত বুলিয়ে দেওয়া, এত বড় হয়ে গেছি কিন্তু এখনো প্রায় সময় আম্মুর কাছে গিয়ে এই বায়না করি, "আম্মু একটু মাথায় হাত বুলিয়ে দাওনা।" প্রতি-উওরে আম্মু, "এত বড় হয়েছিস তার উপর কিসব এত বড় বড় চুল তোর, আগে চুল কেটে ছোট করে আয় তারপর দেব।" তাও জোর করে হাতটা টেনে মাথায় রাখি।
কিন্তু গতকাল জোর করতে কিংবা বলতেও হয়নি, তিনি ঠিকি বুঝতে পেরেছিলেন যে আমি ঘুমাতে পারছি না। আমি অবাক হয়ে চোখ বুজে রইলাম কিছুক্ষণ, কখন যে ঘুমিয়ে গেলাম সেটা আর খেয়াল রাখতে পারিনি। মায়েদের সাথে সত্যিই কারো তুলনা হয়না।