শুভ জন্মাষ্টমী কাল। সনাতন হিন্দু ধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে মথুরায় কংসের কারাগারে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি ও সত্যকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।
জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
এছাড়া ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সারাদেশে অনুষ্ঠানমালায় রয়েছে- গীতাযজ্ঞ, জন্মাষ্টমীর শোভাযাত্রা, কৃষ্ণপূজা, আলোচনা সভা, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ, সাহিত্য-সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতিনৃত্য, নাটক প্রভৃতি।
