নেগেটিভ রোলে অভিনয় করবেন না বলিউডের ভাইজান সালমান খান। অনেক ভেবে-চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
‘রেস থ্রি’ সিনেমায় তাকে ভিলেনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়। কেননা এ সিনেমায় ভিলেনের চরিত্রটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তাই সবাই ভেবেছিলেন সালমান খানই এ চরিত্রের জন্য পারফেক্ট।
তবে সালমান খান বরাবরের মতো এবারও নেতিবাচক চরিত্রে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন।
সিনেমা সংশ্লিষ্ট সূ্ত্রে জানা গেছে, সালমান খান এ চরিত্রে অভিনয় না করার কথা জানিয়ে দিয়েছেন। আদিত্য পাঞ্চলিকে ভিলেনের চরিত্রে দেখা যাবে।
এবারই প্রথম সালমান খান ‘রেস থ্রি’-তে অভিনয় করছেন। এর আগে সাইফ আলী খান ‘রেস’ সিক্যুয়ালে অভিনয় করেছেন। সালমান খানের বিপরীতে এবার দেখা যাবে শ্রীলংকান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজকে।
সালমান খান এর আগেও আব্বাস মাস্তান পরিচালিত ‘বাজিগর’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। যে সিনেমায় অভিনয় করে আর পেছনে ফিরে তাকাতে হয়নি বলিউড কিং শাহরুখ খানকে।
‘রেস’ সিনেমার আগের সিক্যুয়ালগুলো আব্বাস মাস্তান পরিচালনা করলেও এবার রোমিও ডি সুজা পরিচালক হিসেবে থাকছেন।