ঈদ উপলক্ষে আগামী ২রা জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
ফিরতি টিকিট বিক্রি হবে ৯ই জুন থেকে। ঈদের অগ্রিম টিকিট সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দিন ২রা জুন বিক্রি হবে ১১ই জুনের টিকিট। ৩রা জুন বিক্রি হবে ১২ই জুনের টিকিট। ৪ঠা জুন বিক্রি হবে ১৩ই জুনের টিকিট। ৫ই জুন বিক্রি হবে ১৪ই জুনের টিকিট। ৬ই জুন হবে ১৫ই জুনের টিকিট।ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৯ই জুন থেকে। এদিন বিক্রি হবে ১৮ই জুনের টিকিট। এরপর ১৯, ২০, ২১ ও ২২শে জুনের টিকিট পাওয়া যাবে যথাক্রমে ১০, ১১, ১২ ও ১৩ই জুন।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকার কমলাপুর ও চট্টগ্রামে এই টিকিট বিক্রি হবে। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। বিক্রি করা টিকিট ফেরত নেওয়া হবে না। কমলাপুরের ২৩টি কাউন্টার থেকে টিকিট বিক্রি হবে। এর মধ্যে নারীদের জন্য আলাদা কাউন্টার থাকবে। এবারও ২৫ শতাংশ টিকিট অনলাইনে, ৫ শতাংশ ভিআইপি কোটা ও ৫ শতাংশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ থাকছে।এবার সড়কের অবস্থা ভালো না হওয়ায় ট্রেনে বেশি চাপ পড়বে বলে মনে করছেন রেলের একাধিক কর্মকর্তা। এই বাড়তি চাপ মেটাতে রেলে নতুন বগি সংযুক্ত হতে পারে।