বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি কাউকে খুন করেননি?হ্যাঁ খুনের কথাই বলছি। জলজ্যান্ত মানুষ খুন! মাথায় রিভেলবার ঠেকিয়ে মুহূর্তেই খুলিটা আধ ইঞ্চি ফুটো করা খুন নয়। বরং পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী ও বীভৎস খুনটাই আপনার হাতে হয়েছে।
ঐ যে আমি তার কথা বলছি, যার হাতে হাত রেখে অনেকটা পথ হেঁটেছেন আপনি। মাঝরাতে হঠাৎ যাকে টেক্সট করে বলেছিলেন- " আমার ঘুম আসে না। মাথায় একটু হাত বুলিয়ে দিবে?"বুঝতে পারছেন কে? ঐ যে সে, যে রোজ ভোরে আপনার ঘুম ভাঙ্গাত। ঠিক সময়ে খেয়েছেন কিনা খবর নিত। যার সাথে সারা রাত জেগে বাসর সাজিয়েছিলেন মোবাইল ফোনে! যার সাথে মিশে ছিল আপনার প্রতিটা মুহূর্ত।
ঐ যে সে, যাকে একটা ছোট্ট ঘরের স্বপ্ন দেখিয়েছিলেন আপনি। দুজনের ছোট্ট সংসারের। অঙ্গীকার করেছিলেন বুকের সাথে আগলে রাখার সারা জীবনভর।তারপর? কোথায় হারিয়ে গেল আপনার অঙ্গীকার! কোথায় হারিয়ে গেলেন আপনি নিজে!বর্ষার আকাশের মত মুহূর্তে বদলে নিলেন নিজের রূপ। সাজিয়ে নিলেন নতুন পৃথিবী নতুন কারো সাথে!
অভিনন্দন আপনাকে। কিন্তু সেই যে মানুষটা? তাকিয়ে দেখেছেন তার চোখের দিকে একবারো? কেমন ফ্যাকাশে হয়ে গেছে তার চোখের মণিদুটো ঠিক মরা মাছের চোখের মত! শীতল রক্ত বিশিষ্ট প্রাণীর মতই নিথর তার দেহখানা! তার সেই চঞ্চল হাসির শব্দ আজ স্টার্ট না নেয়া নষ্ট ইঞ্জিন এর শব্দের মত শোনায়!
চৈত্রের খরার দিনে জলহীন চৌচির দিগন্তজোড়া খাঁ-খাঁ ফাঁকা মাঠ দেখেছেন? তেমনই খাঁ-খাঁ শূন্যতা তার বুক জুড়ে। কী নির্মম আর অসহনীয় সে যন্ত্রণা সেটা কেবল সেই জানে!যন্ত্রণায় কুঁকড়ে গেছে মানুষটা। হা করে বাতাসের অক্সিজেন ঢুকানোর চেষ্টা করে ফুসফুসে। না, পারে না। নিশ্বাস বন্ধ হয়ে আসে। কিন্তু বন্ধ হয়ে যায় না। হৃদপিণ্ডটা এত জোরে বাড়ি মারে পাঁজরে যেন এক্ষুণি পাঁজর ভেঙ্গে বাইরে বেরিয়ে আসবে। চোখের সামনে সব অন্ধকার দেখে সে। অসহায় মানুষটা নিজেই নিজের মৃত্যু কামনা করে।
কিন্তু না, হতভাগা হৃদপিণ্ডটা তখনো রক্ত পাম্প করে চলেছে। তার মানে সে বেঁচে আছে। অন্তত মেডিকেল সাইন্স তাই বলে। কিন্তু সে কি সত্যিই বেঁচে আছে?না। সে খুন হয়েছে। বড় নির্মমভাবে খুন হয়েছে সে আপনার হাতে। কোন রকম দৃশ্যমান ক্ষতচিহ্ন ছাড়াই আপনি তাকে খুন করেছেন।
এভাবে জীবিত লাশ করে রেখে না গিয়ে ধারালো ছুরি দিয়ে গলায় একটা হ্যাঁচকা টান দিয়ে গেলেই পারতেন!
আপনি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মাথার খুনি। অথচ আইন কিংবা অপরাধবোধ কোন কারাগারেই আপনাকে দাঁড়াতে হবে না কোনদিন।অদ্ভুত হলেও সত্য যে, আপনি কাঠগড়াতে দাঁড়ান সেটা সেই চায় না যাকে আপনি খুন করেছেন! বরং আপনি যেখানে দাঁড়ান তার চারপাশে ভালোবাসা সিক্ত আশীর্বাদ থাকে আজীবন ভালো থাকার।