ডিম নানান উপায়ে খাওয়া যায়। আমাদের মত ব্যাচেলরদের কোন কিছু না থাকলে শেষ ভরসা ডিম। আজকে আমি আপনাদের দেখাবো একটু ভিন্ন স্বাদে ডিম ভুনা। খেতে অনেক মজাদার এবং খুব সহজেই অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। চলুন দেখে নেই কিভাবে করতে হবে।
প্রয়োজনীয় উপকরণঃ
ডিম ৪ টি
আলু ১ টি
টমাটো ১ টি
সরিষার তেল ৩ চামচ
শুকনা মরিচ ৩-৪ টি
কাঁচামরিচ ৩-৪ টি
পিয়াজকুঁচি ১/৪ কাপ
পিয়াজ বেরেস্তা ১/২ কাপ
আদা বাঁটা ১/২ চামচ
রসুন বাঁটা ১/২ চামচ
হলুদ গুড়া ১/২ চামচ
লাল মরিচ গুড়া ১/২ চামচ
গরম মসলা গুড়া ১/৪ চামচ
ধনিয়া গুড়া ১/২ চামচ
জিরা ১/২ চামচ
ভাজা জিরা গুড়া ১/৪ চামচ
কার্যপ্রণালীঃ
প্রথমে ডিম ও আলু সিদ্ধ করে নিতে হবে।
ডিমের খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিতে হবে। তাহলে রান্নার সময় ডিমের ভিতরে মসলা ভালো ভাবে ঢুকবে এবং খেতেও ভালো লাগবে।
এবার একটি প্যানে ৩ চামচ পরিমাণ তেল দিয়ে পিয়াজ কুঁচি বেরেস্তার জন্য ভেঁজে নিতে হবে। বেরেস্তা হয়ে গেলে ঠাণ্ডা করে তাতে সামান্য পানি দিয়ে হাত দিয়ে ডলে নিতে হবে। এভাবে ডলে দিলে ডিমের মশলাটা খেতে অনেক সুস্বাদু হবে।
এবার প্যানে ৩ চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আস্ত জিরা ও শুকনা মরিচ ভেঁজে নিতে হবে।
জিরা ও মরিচ ভাজা হয়ে আসলে পিয়াজ কুচি দিয়ে ১-২ মিনিট ভাঁজার পরে একে একে আদা বাঁটা, রসুন বাঁটা ও সব গুড়া মসলা দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে রাখতে হবে। খেয়াল রাখতে হবে গুড়া মশলাগুলো যেন পুড়ে না যায়। এবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে।
মসলা কষানো হয়ে গেলে বেটে রাখা পিয়াজ বেরেস্তা ও টমাটো দিয়ে ২-১ মিনিট কষানোর পরে ভর্তা করে রাখা আলু দিয়ে দিয়ে হবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।
২ কাপ পরিমাণ গরম পানি দিয়ে ডিম ও কাঁচা মরিচ ছেঁড়ে দিয়ে হবে। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এতে স্বাদে অনেকটা পরিবর্তন আসে।
দেখতে এরকম হয়ে আসলে নামিয়ে ফেলুন।
গরম ভাতের সাথে পরিবেশন করুন। এই তরকারি করলে সাথে অন্য আর কিছু লাগবে না। অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।